حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَقُولُ اللَّهُ تَعَالَى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلأٍ ذَكَرْتُهُ فِي مَلأٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ تَقَرَّبَ إِلَىَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِنْ تَقَرَّبَ إِلَىَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً ".
উমর ইবনে হাফস (রাহঃ) ... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা’আলা ঘোষনা করেন, *আমি সেইরূপই, যেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে। আমি* তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে মনে মনে আমাকে স্মরণ করে আমিও তাকে নিজে স্মরণ করি। আর যদি সে লোক-সমাবেশে আমাকে স্মরণ করে তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, তবে আমি তার দিকে এক হাত অগ্রসর হই, যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয়; আমি তার দিকে দু হাত অগ্রসর হই। আর সে যদি আমার দিকে হেঁটে অগ্রসর হয়, আমি তার দিকে দৌড়ে অগ্রসর হই।
হাদীসের ব্যখ্যা:
আল্লাহর কাছে আশাবাদী থাকার ফযীলত
মানুষ এ নশ্বর জগতের তুচ্ছ তুচ্ছ বিষয়ের জন্যও আশাবাদী থাকে। আশা করে উচ্চশিক্ষার, ভালো চাকরির, ভালো বাড়ি, দামি গাড়ির, ক্ষমতা, সুনাম-সুখ্যাতির এবং আরও অনেক কিছুর। আবার মানুষ কোনওকিছু অর্জনের আশায় থাকলে সেজন্য চেষ্টা-মেহনতও করে। যে বস্তু তার কাছে যতো গুরুত্বপূর্ণ, তা অর্জনের জন্য ততো বেশি চেষ্টা করে। যে ব্যক্তি ব্যবসায় লাভবান হওয়ার আশা রাখে, সে দিনরাত ব্যবসার পেছনে খাটে। যে শিক্ষার্থী পরীক্ষায় প্রথম বিভাগ পেতে চায়, সে পড়াশোনার পেছনে দিনরাত একাকার করে দেয়। যে রাজনীতিক ক্ষমতার মসনদে পৌঁছাতে চায়, সে তার জন্য প্রাণপণ লড়াই করে। এ সবই ক্ষণস্থায়ী দুনিয়ার অতি অল্পস্থায়ী ভোগ-উপভোগের বস্তু। এর জন্যও মানুষের এত চেষ্টা-সাধনা। আশাই মানুষকে দিয়ে সে চেষ্টা করিয়ে নেয়।
প্রকৃতপক্ষে মানুষের জন্য আল্লাহ তা'আলার কাছে রহমত ও মাগফিরাত পাওয়ার চেয়ে মূল্যবান কোনও সম্পদ নেই। এরচে' বড় কাম্যবস্তু আর কিছু হতে পারে না। তুচ্ছ, নশ্বর বস্তুর আকাঙ্ক্ষায় যখন মানুষ অক্লান্ত পরিশ্রম করে থাকে, তখন যা সর্বাপেক্ষা বেশি জরুরি, সর্বাপেক্ষা বেশি দামি, সর্বাপেক্ষা বেশি উপকারী, সেইসঙ্গে স্থায়ী ও অবিনশ্বরও, তার জন্য তো সর্বাপেক্ষা বেশিই আশা লালন করা উচিত এবং সে লক্ষ্যে উচিত সর্বাপেক্ষা বেশি চেষ্টা-মেহনত করা।
এ হাদীছে মৌলিকভাবে চারটি কথা আছে। প্রথম কথা আল্লাহ তা'আলা সম্পর্কে বান্দার কেমন ধারণা রাখা উচিত সে বিষয়ে ।
আল্লাহ তা'আলা সম্পর্কে সুধারণা রাখার গুরুত্ব
ظن অর্থ ধারণা। আল্লাহ তা'আলা সম্পর্কে বান্দার ধারণা ভালোও হতে পারে, মন্দও হতে পারে। ভালো ধারণা রাখা ফরয। যেমন তাওবা করে এই ধারণা রাখা যে, আল্লাহ তা'আলা কবুল করবেন। বিপদে পড়ে এই ধারণা রাখা যে, আল্লাহ তা'আলা সাহায্য করবেন। ইবাদত-বন্দেগী করে ধারণা রাখা যে, আল্লাহ তা'আলার কাছে তা কবুল হবে। আর মন্দ ধারণা রাখা হারাম। যেমন মন্দ ধারণার কারণে আল্লাহ তা'আলা মুনাফিকদের নিন্দা করেন যে, وَظَنَنْتُمْ ظَنَّ السَّوْءِ وَكُنْتُمْ قَوْمًا بُورًا, (এবং তোমরা নানারকম কু-ধারণা করেছিলে। বস্তুত তোমরা ছিলে এক ধ্বংসমুখী সম্প্রদায় - সূরা ফাতহ : ১২)।
মানুষ সম্পর্কে অহেতুক মন্দ ধারণা করা জায়েয নয়। ইরশাদ হয়েছে يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ “হে মুমিনগণ! অনেক রকম ধারণা থেকে বেঁচে থাক। কোনও কোনও ধারণা গুনাহ।
এ হাদীছে ظن শব্দটি জ্ঞান ও প্রত্যয় অর্থে ব্যবহৃত হয়েছে। কুরআন ও হাদীছে এরূপ অর্থে শব্দটির ব্যাপক ব্যবহার আছে। যেমন এক আয়াতে আছে— وَظَنُّوا أَنْ لَا مَلْجَأَ مِنَ اللَّهِ إِلَّا إِلَيْهِ ‘এবং তারা নিশ্চিতভাবে জানল, আল্লাহর (ধরা) থেকে খোদ তাঁর আশ্রয় ছাড়া কোথাও আশ্রয় পাওয়া যাবে না।
সুতরাং أنا عند ظن عبدي بي -এর অর্থ হবে (আমি আমার প্রতি আমার বান্দার জ্ঞান ও প্রত্যয়ের সঙ্গে থাকি)। অর্থাৎ আমি বান্দার প্রতি যেরকম আচরণ করব বলে বান্দা বিশ্বাস রাখে, আমি তার প্রতি সেরকম আচরণ করতে সক্ষম। যদি ভালো আচরণের বিশ্বাস রাখে, তবে ভালো আচরণ করব। যদি মন্দ আচরণের বিশ্বাস রাখে, তবে মন্দ আচরণ করব। যদি বিশ্বাস রাখে আমি তার সৎকর্ম কবুল করব, তার ভুলত্রুটি ক্ষমা করব এবং তার দু'আ কবুল করব, তবে আমি তার সে বিশ্বাস অনুযায়ীই কাজ করে থাকি।
ইমাম কুরতুবী রহ. বলেন, أنا عند ظن عبدي بي এর অর্থ হল দু'আ করার সময় দু'আ কবুল হওয়া, তাওবা করার সময় তাওবা গৃহীত হওয়া, ইস্তিগফার করার সময় মাগফিরাত লাভের এবং যথাযথ শর্তপূরণের সঙ্গে ইবাদত করার সময় আল্লাহ তা'আলার ওয়াদা অনুযায়ী পুরস্কার লাভের আশা রাখা। একটি হাদীছ দ্বারাও এর সমর্থন মেলে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন أدعوا الله وأنتم موقنون بالإجابة، واعلموا أن الله لا يستجيب دعاء من قلب غافل لاه “তোমরা কবুলের ইয়াকীন রেখে আল্লাহ তাআলার কাছে দু'আ করবে। জেনে রেখো, আল্লাহ গাফিল ও উদাসীন অন্তরের দু'আ কবুল করেন না।
এ কারণেই ইবাদত-বন্দেগী করার সময় অন্তরে বিশ্বাস রাখা জরুরি যে, আল্লাহ তা'আলা অবশ্যই তা কবুল করবেন এবং তাকে ক্ষমা করবেন। কেননা তিনি এরকম ওয়াদা করেছেন আর আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করেন না। যদি অন্তরে এই ধারণা রাখে যে, আল্লাহ তার ইবাদত কবুল করবেন না এবং তার আমল কোনও কাজে আসবে না, তবে তা আল্লাহর রহমত থেকে হতাশ হওয়ার নামান্তর, যা কবীরা গুনাহের অন্তর্ভুক্ত। অবশ্য একই গুনাহ বারবার করতে থাকা আর এই আশা রাখা যে, আল্লাহ তা ক্ষমা করবেন, এটা চরম অজ্ঞতা ও মারাত্মক ধোঁকা।
এ হাদীছটির মধ্যে ইঙ্গিত রয়েছে যে, অন্তরে আল্লাহর আযাবের ভয় অপেক্ষা তাঁর রহমতের আশাই বেশি রাখা উচিত। কেননা আল্লাহ যখন বান্দার সঙ্গে ভালো-মন্দ উভয় আচরণের ক্ষমতা রাখেন এবং এর মধ্যে বান্দা যে আচরণের ধারণা রাখবে, আল্লাহ তা'আলা সেরকম আচরণ করবেন বলে ওয়াদা করেছেন, তখন কোনও বুদ্ধিমান ব্যক্তি তার প্রতি আল্লাহর মন্দ আচরণের ধারণা রাখতে পারে না। বরং সে নিজের জন্য ভালো আচরণের ধারণাই রাখবে। অর্থাৎ আশা রাখবে যে, আল্লাহ তার প্রতি রহমত করবেন। এ কারণেই কোনও কোনও বর্ণনায় হাদীছটির শেষে আছে— فليظن بي ما شاء "সুতরাং সে আমার সম্পর্কে যেমন ইচ্ছা ধারণা রাখুক।
অবশ্য বিজ্ঞজনেরা বলেন, সাধারণ অবস্থায় ভয় ও আশা উভয়টিই সমমাত্রায় রাখা উচিত। ভয়ের চেয়ে আশার দিকটি প্রবল রাখা চাই মৃত্যুকালে। একটি হাদীছ দ্বারাও এর সমর্থন পাওয়া যায়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের তিনদিন আগে ইরশাদ করেন لا يموتن أحدكم إلا وهو يحسن الظن بالله عز وجل “তোমাদের প্রত্যেকেই যেন মৃত্যুকালে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখে।
আল্লাহ তা'আলার যিকরের ফযীলত
হাদীছটির দ্বিতীয় বাক্য যিকরের ফযীলত সম্পর্কে। বলা হয়েছে- وأنا معه حيث يذكرني (সে আমাকে যেখানেই স্মরণ করে, সেখানেই আমি তার সঙ্গে থাকি)। অর্থাৎ আমি জ্ঞানগতভাবে তার সঙ্গে থাকি। সে আমাকে প্রকাশ্যে স্মরণ করুক বা গোপনে, সর্বাবস্থায়ই আমি তা অবগত থাকি। সে কী উদ্দেশ্যে আমাকে স্মরণ করে তারও খবর রাখি। অথবা সঙ্গে থাকা" এর অর্থ, যিকরকারীর প্রতি রহমত বর্ষণ করা, তাকে নেক আমলের তাওফীক দেওয়া, তাকে সুপথ দেখানো ও তার রক্ষণাবেক্ষণ করা।
এ হাদীছে যিকর ও স্মরণ দ্বারা অন্তরের স্মরণ, মুখের উচ্চারণ এবং আদেশ-নিষেধ পালন সবই বোঝানো হতে পারে। বোঝানো উদ্দেশ্য যে, বান্দার কোনও যিকরই বৃথা যায় না। ভালো নিয়তে যিকর করলে আল্লাহ তা'আলা তার উত্তম প্রতিদান দেবেন আর নিয়ত ভালো না হলে সে ক্ষেত্রে তার নিয়ত অনুযায়ী আচরণ করবেন।
তাওবার ফযীলত
এ হাদীছ দ্বারা তাওবার গুরুত্ব ও ফযীলত জানা যায়। বান্দার তাওবায় আল্লাহ তা'আলা কতটা খুশি হন, এ হাদীছে একটা উদাহরণের মাধ্যমে তা বোঝানো হয়েছে। বলা হয়েছে والله ، لله أفرح بتوبة عبده من أحدكم يجد ضالته بالفلاة (আল্লাহর কসম! তোমাদের কেউ তরুলতাহীন প্রান্তরে হারিয়ে যাওয়া পশুটি ফিরে পেয়ে যেমন খুশি হয়, আল্লাহ তাঁর বান্দার তাওবায় তারচে'ও বেশি খুশি হন)। কোনও মুসাফির মরুভূমিতে হারিয়ে যাওয়া তার বাহন-পশুটি ফিরে পেলে সে কেমন খুশি হয়, তা বিস্তারিতভাবে অপর এক হাদীছে বর্ণিত হয়েছে। তার সারমর্ম হল
এক ব্যক্তি এক মরুভূমির ভেতর দিয়ে চলছিল। চলতি পথে হয়তো কোনও প্রয়োজনে সে উটের পিঠ থেকে নেমে গিয়েছিল। সেই ফাঁকে তার উটটি নিরুদ্দেশ হয়ে যায়। সে পেরেশান হয়ে সেটি খুঁজতে থাকে। কিন্তু কোথাও পাওয়া গেল না। তার খাদ্য ও পানি সবই ছিল উটটির সঙ্গে। মরুভূমির মাঝখানে বাহন হারিয়ে যাওয়া, তাও খাদ্য ও পানীয়সহ, কত বড়ই না বিপদের কথা। এখান থেকে সে কিভাবে কোথায় যাবে? আর কিসের দ্বারাই বা ক্ষুধা ও পিপাসা মেটাবে? সে আতঙ্কিত হয়ে উঠল এবং জীবনের ব্যাপারেই হতাশ হয়ে পড়ল। সে ক্লান্ত-শ্রান্ত হয়ে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল। তারপর যখন ঘুম ভাঙল, অবাক বিস্ময়ে দেখতে পেল উটটি তার পাশে দাঁড়ানো। পানি ও খাদ্য সবই তার সঙ্গে। এটা কত বড় আনন্দের কথা তা কি ভাবা যায়? এ যে মৃত্যুর পর পুনর্জীবন! জীবন ফিরে পাওয়ার মহানন্দ তাকে দিশেহারা করে ফেলল। সে চিৎকার করে উঠল, 'হে আল্লাহ! তুমি আমার গোলাম, আমি তোমার মনিব'। আসলে তার উদ্দেশ্য ছিল আল্লাহকে কৃতজ্ঞতা জানানো। বলতে চেয়েছিল, হে আল্লাহ! তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। কিন্তু আনন্দের আতিশয্যে ভুল করে ফেলল। তার মুখ দিয়ে উল্টো কথা বের হয়ে গেল।
উদাহরণের এই ঘটনায় লোকটার যে কতটা আনন্দ হয়েছিল, তা সকলেরই অনুমেয়। কিন্তু নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার তাওবায় আল্লাহ তা'আলা এরচে'ও বেশি খুশি হন। কারণ আল্লাহর কাছে তাঁর বান্দা অনেক বেশি প্রিয়। সেই প্রিয় বান্দা পাপাচারের মরুভূমিতে কোথায় হারিয়ে গিয়েছিল। সে তাওবা করে আল্লাহর কাছে আবার ফিরে এসেছে। প্রিয় বান্দার এ প্রত্যাবর্তনে তিনি যে আরও বেশি খুশি হবেন, এই তো স্বাভাবিক। কারণ বান্দাকে তাঁর ভালোবাসা সকলের সকল ভালোবাসার অধিক।
আল্লাহ কর্তৃক বান্দার নেক আমলের মূল্যায়ন
বস্তুত তাওবার মাধ্যমে বান্দা আল্লাহ তা'আলার দিকে অগ্রসর হয়। আল্লাহ তা'আলার কোনও বান্দা তাঁর পথে অগ্রসর হলে আল্লাহ তা'আলা তার অভাবনীয় মূল্যায়ন করেন। বান্দা যে গতিতে অগ্রসর হয়, আল্লাহ তা'আলার রহমত ও তাওফীক তার দিকে ততধিক গতিতে এগিয়ে আসে। এ হাদীছ জানাচ্ছে ومن تقرب إلي شبرا، تقربت إليه ذراعا، ومن تقرب إلي ذراعا، تقربت إليه باعا، وإذا أقبل إلي يمشي أقبلت إليه أهرول (যে ব্যক্তি এক বিঘত পরিমাণ আমার নিকট এগিয়ে আসে, আমি একহাত পরিমাণ তার নিকট এগিয়ে যাই। যে ব্যক্তি একহাত পরিমাণ আমার নিকট এগিয়ে আসে, আমি দুই হাতের বিস্তার পরিমাণ তার নিকট এগিয়ে যাই। যে ব্যক্তি আমার দিকে আসে হেঁটে হেঁটে, আমি তার দিকে দৌড়ে আসি)।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. ইবাদত-বন্দেগী করার সময় আশা রাখা চাই যে, আল্লাহ তা কবুল করবেন। তাওবা-ইস্তিগফার করার সময় আশা রাখা চাই আল্লাহ ক্ষমা করবেন এবং দু'আ করার সময় আশা রাখা চাই আল্লাহ তা মঞ্জুর করবেন।
খ. অন্তরে ও মুখে সর্বদা আল্লাহর যিকর ও স্মরণ জারি রাখা চাই।
গ. বান্দার তাওবায় যেহেতু আল্লাহ খুশি হন, তাই বেশি বেশি তাওবা করা উচিত।
ঘ. সৎকর্ম দ্বারা যেহেতু আল্লাহর নৈকট্য লাভ হয় এবং আমলের তুলনায় আল্লাহ অনেক বেশি পুরস্কার দিয়ে থাকেন, তাই আমলে কিছুতেই গাফলাতী করা উচিত নয়।
—সহীহ বুখারী, হাদীস নং ৬৯০১ (আন্তর্জাতিক নং ৭৪০৫)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন